নারীপ্রধান পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করতে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী পরিবারগুলোর সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
সরকারি এই কর্মসূচির আওতায় নির্বাচিত নারীপ্রধান পরিবারগুলোকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। উপকারভোগীরা নিজেদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি এই অর্থ গ্রহণ করতে পারবেন, ফলে ঘরে বসেই তারা ভাতার সুবিধা পাবেন।
সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে উপকারভোগী পরিবার নির্ধারণের জন্য জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়।
এই পাইলট কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী জুন পর্যন্ত চার মাসের জন্য মোট ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়।
পরে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ধারণ করে পরিবারগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়—হতদরিদ্র, দরিদ্র, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত হিসেবে চিহ্নিত ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য যাচাই করা হয়। যাচাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই পর্যায়ক্রমে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


