বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman) বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia)-এর রুহের মাগফিরাত কামনায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal)।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শ্যামলীর মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসায় শতাধিক এতিম শিক্ষার্থীকে নিয়ে এই বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান (Saleh Md Adnan)।
ইফতার মাহফিলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক (Abul Hossain Howlader Ashik), তেজগাঁও কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান (Belal Hossain Khan) প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় সংগঠনটিকে মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তাদের স্নেহ, আদর্শ ও দিকনির্দেশনার মধ্য দিয়েই ছাত্রদল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাদের দেখানো পথ অনুসরণ করেই শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”


