বুক উঁচু করে বলুন—বাড়ি টুঙ্গিপাড়া, ধানের শীষেই আমাদের ভোট: এমপি এসএম জিলানী

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, এক সময় টুঙ্গিপাড়ার মানুষের মনে এক ধরনের সংশয় কাজ করত—বাইরে গিয়ে নিজের পরিচয় দিতে পারব তো? কিন্তু নির্বাচন ও বিজয়ের পর সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। এখন আর কেউ বাড়ি টুঙ্গিপাড়া বললে চোখ রাঙাবে—এটা হতে দেওয়া হবে না বলেও দৃঢ়ভাবে জানান তিনি।

মঙ্গলবার নিজের পাটগাতীর বাসভবনে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এমপি জিলানী বলেন, “আমি যতদিন আছি, ঢাকাসহ সারা বাংলাদেশে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, সিনা টান করে বলবেন—আমার বাড়ি টুঙ্গিপাড়া। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি।”

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এলাকার জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবেও তিনি মানুষ, তাই ভুল হওয়া স্বাভাবিক। সেই ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব জনগণেরই।

তার ভাষায়, “আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। যদি কখনও মনে করেন আমি ভুল করেছি, তাহলে অভিভাবকের মতো বলবেন—আপনার কাজটি ঠিক হয়নি, একটু ভেবে দেখেন। এতে আমি উপকৃত হব এবং ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নিতে পারব।”

তিনি জানান, এলাকাবাসীর সহযোগিতা পেলে টুঙ্গিপাড়াকে একটি সাম্যভিত্তিক, মানবিক, অসাম্প্রদায়িক এবং দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চান।

দেশের রাজনীতি ও উন্নয়নের প্রসঙ্গ টেনে এমপি জিলানী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে স্পষ্টভাবে জানিয়েছেন—গোপালগঞ্জকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। অন্য ৬৪ জেলার মতোই এই জেলাকে দেখতে চান তিনি।

জিলানী বলেন, “প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, গোপালগঞ্জের মানুষ যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয় এবং কোনো বৈষম্যের শিকার না হয়। সেই লক্ষ্যেই আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে তাদের সমস্যার কথা শুনছি।”

ইফতার মাহফিল শুরুর আগে জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার এবং যুবদলের সভাপতি আমিনুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া টুঙ্গিপাড়ার বিভিন্ন স্তরের সাধারণ মানুষও ইফতার মাহফিলে অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *