এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের জন্য দেশবাসীর দোয়া চাইলেন ছেলে ইয়াসির আব্বাস

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস (Mirza Abbas)। তার শারীরিক অবস্থার বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করে সবার কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ইয়াসির আব্বাস (Yasir Abbas)।

শুক্রবার (১৩ মার্চ) বাবার শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে ইয়াসির আব্বাস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় নানা ধরনের কথা ছড়িয়ে পড়েছে। তবে বাস্তবে পরিস্থিতি ততটা গুরুতর নয় বলেই তিনি জানিয়েছেন।

ইয়াসির আব্বাস বলেন, “সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেকভাবে কথা ছড়িয়েছে। আসলে ওইরকম কিছুই না। কিন্তু যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও বেশি ছিল। সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছিল আরকি। আলহামদুল্লিল্লাহ আমি মনে করি বাবা এখন অনেকটা ভালো আছেন—আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, মির্জা আব্বাস নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ইয়াসির বলেন, “বাবা বলেছে দেশবাসীর কাছে দোয়া চাইতে। সার্জারির আগেও আমাকে জিজ্ঞেস করছিল—কী অবস্থা, সবাই কী বলছে।”

অসুস্থ হয়ে পড়ার মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে ইয়াসির আব্বাস বলেন, ঘটনাটি ঘটে ইফতারের পর মাগরিবের নামাজের সময়। তিনি জানান, “আমরা রোজাটা ভেঙে নামাজ পড়তে যাই। মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে সম্ভবত বাবার হঠাৎ মাথাব্যথা শুরু হয়। তখন তিনি নামাজ ছেড়ে দেন এবং আমরা সবাই তাকে ধরে বসাই।”

তিনি বলেন, পরিস্থিতি বুঝে পরিবারের সদস্যরা দ্রুত সিদ্ধান্ত নেন হাসপাতালে নেওয়ার। তবে শুরুতে হাসপাতালে যেতে চাইছিলেন না মির্জা আব্বাস। পরে তীব্র মাথাব্যথার অভিযোগ করায় তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা চলছে এবং সবার দোয়া কামনা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *