জাতীয় সংসদ ভবনের গোলাপ বাগানে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ব্যারিস্টার কায়সার কামাল। সংসদ প্রাঙ্গণের সবুজায়নের অংশ হিসেবে তারা প্রত্যেকে একটি করে আমগাছের চারা রোপণ করেন।
শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রথমে স্পিকার হিসেবে দায়িত্ব পালনরত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম গোলাপ বাগানের নির্ধারিত স্থানে একটি আমগাছের চারা রোপণ করেন। এরপর একই স্থানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আরেকটি আমগাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিশেষভাবে স্মরণ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের।
অনুষ্ঠানটিতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া গণমাধ্যমকর্মীরাও সেখানে উপস্থিত থেকে কর্মসূচিটি প্রত্যক্ষ করেন।
এর আগে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে স্পিকার তার সরকারি বাংলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সরাসরি সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে এসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।


