ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি (Osman Hadi) হ’\ত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)-এর স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)।
শনিবার ভারতের নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
তদন্তে জানা গেছে, ফিলিপ সাংমা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকার বাসিন্দা। তিনি টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট এবং ভারতের মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপার করাতেন।
ওসমান হাদি হ’\ত্যার পর মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম (Faisal Masud Karim) এবং আলমগীর শেখ (Alamgir Sheikh) এই ফিলিপ সাংমার সহায়তায় সীমান্ত পাড়ি দেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
এর আগে গত সপ্তাহে ভারতের বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের জিজ্ঞাসাবাদ থেকেই ফিলিপ সাংমার নাম সামনে আসে।
এসটিএফ জানিয়েছে, ওসমান হাদি হ’\ত্যার পর বাংলাদেশে ব্যাপক আলোড়ন তৈরি হলে অভিযুক্তরা ফিলিপ সাংমার সঙ্গে যোগাযোগ করেন। পরে তার সহায়তায় তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
পরবর্তীতে ফিলিপ সাংমাও একই পথে ভারতে ঢুকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তদন্তে আরও জানা গেছে, অভিযুক্তরা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
তবে সেই সুযোগ পাওয়ার আগেই গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েন তারা। শনিবার ফিলিপ সাংমাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।


