পুঁজিবাজারের বহুল আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব জাভেদ অপগেনহেফেনকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। একদিকে প্যারিসে শত কোটি টাকার রাজকীয় বিয়ের আয়োজন, অন্যদিকে দেশের ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ‘ঋণ খেলাপি’ হিসেবে চিহ্নিত—এই দ্বৈত বাস্তবতার মধ্যেই তার বনানীর বিলাসবহুল বাড়িটি ক্রোক করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (Eastern Bank PLC)।
সম্প্রতি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সতর্কীকরণ গণবিজ্ঞপ্তিতে বিষয়টি সামনে আসে। সেখানে পুঁজিবাজারে তালিকাভুক্ত এস এস স্টিল লিমিটেড (SS Steel Limited)-এর চেয়ারম্যান জাভেদ অপগেনহেফেনের মালিকানাধীন বনানীর ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর প্লটের বাড়িটি ক্রোকের আদেশের কথা জানানো হয়।
ব্যাংকের কঠোর পদক্ষেপ
ব্যাংক সূত্রে জানা গেছে, বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে অর্থ ঋণ আদালত-০৩, ঢাকায় ২৬৭৩/২৪ নম্বর মামলা দায়ের করে ইস্টার্ন ব্যাংক। আদালতের ১৬ মার্চ ২০২৫ তারিখের আদেশ অনুযায়ী, বনানী আবাসিক এলাকার ৫ কাঠা জমির ওপর নির্মিত সব স্থাপনা ক্রোক করা হয়েছে।
ইতোমধ্যে ওই সম্পত্তিতে ব্যাংকের পক্ষ থেকে সাইনবোর্ড টানানো হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে—এই সম্পত্তি সংক্রান্ত যেকোনো ধরনের লেনদেন সম্পূর্ণ অবৈধ এবং তা আদালত অবমাননার শামিল বলে গণ্য হবে।
বিলাসবহুল বিয়ে, বাড়ছে প্রশ্ন
জাভেদ অপগেনহেফেনের নাম আলোচনায় আসে মূলত তার বিলাসবহুল জীবনযাপন এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। ২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে অপেরা গার্নিয়ার ও পার্ক দে বাগাটেলে আয়োজিত তার বিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি কাড়ে।
দুবাইভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত ইনফ্লুয়েন্সার রোজেমিন মাধবজিকে বিয়ে করতে তিনি ব্যয় করেন প্রায় ২৫ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭০ কোটি টাকা। বিয়েতে মনীশ মালহোত্রা ও ফারাজ মাননের মতো খ্যাতনামা ডিজাইনারদের পোশাক ব্যবহার করা হয়। এমনকি বিশ্বখ্যাত ম্যাগাজিন ভোগ-এর মধ্যপ্রাচ্য সংস্করণেও এই বিয়ের জাঁকজমকপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়—যেখানে কৌশলে তার বাংলাদেশি পরিচয় ও ব্যবসার উৎস গোপন রাখা হয়েছিল।
এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী পরিবারের সদস্যরা। আলোচিত নামগুলোর মধ্যে ছিলেন সালমান এফ রহমান (Salman F Rahman)-এর ছেলে, প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে, আজিজ খানের মেয়ে। আরও চাঞ্চল্য সৃষ্টি করে চিত্রনায়ক সোহেল চৌধুরী হ’\ত্যা মামলার পলাতক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের উপস্থিতি।
পুঁজিবাজারে প্রভাব ও অভিযোগ
জাভেদ অপগেনহেফেন শুধু এস এস স্টিল নয়, ফু-ওয়াং সিরামিক (Fu-Wang Ceramic) এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের সঙ্গেও জড়িত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্টক ম্যানিপুলেশন এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
পারিবারিকভাবে তিনি প্রভাবশালী মহলের সঙ্গে সম্পৃক্ত। তার বাবা তৌহিদুল চৌধুরী যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার মুনা তাসনিমের স্বামী। তৌহিদুলের প্রথম স্ত্রীর সন্তান জাভেদ।
বিনিয়োগকারীদের ক্ষোভ
পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেক বিনিয়োগকারীর দাবি, দীর্ঘদিন ধরে বাজারে অনিয়ম ও কারসাজির অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নিতে দেরি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। জাভেদ অপগেনহেফেনের বিরুদ্ধে নেওয়া এই সাম্প্রতিক পদক্ষেপ সেই ক্ষোভকে নতুন করে সামনে নিয়ে এসেছে।


