জ্বালানি তেলের ডিপোতে শৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে বিজিবি মোতায়েন

জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি (Border Guard Bangladesh) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের ঘাটতি এবং মূল্যবৃদ্ধির কারণে দেশে অননুমোদিতভাবে তেল মজুদের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Home Affairs)-এর নির্দেশে এই মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে।

ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদর দফতরের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে। দূরবর্তী এলাকাগুলোতে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা কাজ করছেন।

২৫ মার্চ সকাল থেকে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি—মোট ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি চালাচ্ছেন। প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রয় ঠেকানো এবং নাশকতা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে বলেও জানান শরীফুল ইসলাম। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবির দৃশ্যমান উপস্থিতি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করতে সহায়ক ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সীমান্তপথে জ্বালানি তেল পাচার ঠেকাতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। নৌ টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, তল্লাশি কার্যক্রম জোরদার এবং সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি আমদানি-রফতানিতে ব্যবহৃত ট্রাক ও অন্যান্য যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *