মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই নিজের অবস্থান পরিবর্তন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধের প্রেক্ষিতে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে, তবে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ অব্যাহত থাকবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ইরান সরকার বর্তমানে গভীরভাবে বিভক্ত অবস্থায় রয়েছে—যা তার মতে অপ্রত্যাশিত নয়। এই প্রেক্ষাপটে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির (Asim Munir) এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছেন, যেন ইরানের ওপর সামরিক আক্রমণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
ট্রাম্প জানান, এই অনুরোধের ভিত্তিতেই তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন—তারা যেন ইরানের ওপর আরোপিত অবরোধ অব্যাহত রাখে, তবে অন্যান্য সব ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি ও সক্ষমতা বজায় রাখে।
তার ভাষায়, ইরানের নেতৃত্ব ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে না আসা পর্যন্ত এবং সেই প্রস্তাবের ভিত্তিতে আলোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। অর্থাৎ, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা খোলা রাখলেও সামরিক ও অর্থনৈতিক চাপ একযোগে বজায় রাখার কৌশলেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র।
এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, একদিকে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হলেও, অন্যদিকে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার নীতিতেই এগুচ্ছে ওয়াশিংটন। তবে ক্ষনে ক্ষনে মত পরিবর্তন করা ডোনাল্ড ট্রাম্প ঠিক কোন পথে এগুবেন নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে এবারের মতো চুপসে যাবেন তা একমাত্র সময়ই বলে দিবে।


