ট্রাম্পের যুদ্ধবিরতি ‘অর্থহীন’—ইরানের কড়া প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও, এটিকে সরাসরি ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী (Mahdi Mohammadi)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় মোহাম্মদী বলেন, কোনো পরাজিত পক্ষ কখনো শর্ত আরোপ করতে পারে না। তার ভাষায়, ইরানের ওপর অব্যাহত অবরোধ কার্যত বোমাবর্ষণের সমতুল্য এবং এর জবাব সামরিকভাবেই দেওয়া উচিত।

তিনি আরও অভিযোগ করেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর এই ঘোষণা আসলে একটি কৌশল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র আকস্মিক হামলার প্রস্তুতির জন্য সময় নিচ্ছে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের নেতারা কোনো ঐক্যবদ্ধ প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সেনারা সরাসরি হামলা চালাবে না। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে।

ট্রাম্পের দাবি, পাকিস্তানের অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীকে অবরোধ বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া এবং পরবর্তী আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ কার্যত বাড়ানো হবে। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ না করায়, এই যুদ্ধবিরতিকে অনির্দিষ্টকালীন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *