জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন খাতে। সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম (Sheikh Robiul Alam)।
মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হবে। একইভাবে আন্তঃজেলায় ৫২ সিটের বাসের ভাড়াও প্রতি কিলোমিটারে একই হারে বাড়ানো হচ্ছে। এছাড়া ডিটিসি ও মিনিবাসের ক্ষেত্রেও এই হারেই ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এটাকে সরাসরি ভাড়া বৃদ্ধি হিসেবে দেখতে চাই না, বরং জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় হিসেবেই দেখছি।’
মন্ত্রী আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার প্রায় দেড় মাস ধরে জ্বালানির দাম না বাড়ানোর চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত প্রতি লিটারে গড়ে প্রায় ১৫ টাকা পর্যন্ত দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এর পর থেকেই পরিবহন খাত থেকে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে।
তিনি বলেন, ‘আমরা এ নিয়ে একাধিকবার বৈঠক করেছি। কিছু দাবি যৌক্তিক ছিল, আবার কিছু দাবি শুধুমাত্র পরিবহন মালিকদের পক্ষেই বেশি সুবিধাজনক মনে হয়েছে।’
এর আগে ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব হিসেবে গণপরিবহনের ভাড়ায় এই সমন্বয় এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন, যা সাধারণ যাত্রীদের দৈনন্দিন ব্যয়ে নতুন চাপ তৈরি করতে পারে।


