দেশের বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে—এমন ইঙ্গিতই দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, চলতি বছরের আগস্ট মাসেই রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য তুলে ধরেন। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ডা. জাহেদ উর রহমান বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ সম্ভব হবে, যার সুফল ভোগ করবে প্রায় ২ কোটি মানুষ।
ব্রিফিংয়ে তিনি জ্বালানি পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেন। জানান, বর্তমানে দেশে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। ফলে বিভিন্ন পাম্পে দীর্ঘ সারির যে চিত্র দেখা যাচ্ছিল, সেটি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে উপদেষ্টা জানান, গত মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকার ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে পাঁচটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদন, সড়ক যোগাযোগ ও স্থানীয় প্রশাসনের উন্নয়নে ব্যয় করা হবে।
তিনি বলেন, সরকার ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে। তবে জ্বালানি মূল্যের প্রভাবে যানবাহনের ভাড়া বেড়েছে বলে স্বীকার করেন তিনি, যদিও ঢাকার বাস ও মিনিবাসের সরকারি ভাড়া অপরিবর্তিত রয়েছে।
সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। জানান, সীমান্তে হ’\ত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে এবং এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন তিনি।
স্বাস্থ্য খাতে অগ্রগতির কথা তুলে ধরে ডা. জাহেদ বলেন, এখন পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। শিশুমৃত্যুর ঘটনা দুঃখজনক উল্লেখ করে তিনি জানান, টিকাদান কর্মসূচিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও তিনি মন্তব্য করেন। বলেন, গণমাধ্যমের যৌক্তিক সমালোচনা গ্রহণযোগ্য হলেও ভুল তথ্য বা অপতথ্য প্রচার কোনোভাবেই সহ্য করা হবে না।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দেশে জঙ্গি কার্যক্রমের উপস্থিতি থাকলেও তা এমন পর্যায়ে পৌঁছায়নি যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। অতীতে এই ইস্যুতে অতিরঞ্জিত প্রচার হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গত দুই মাসে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (Rooppur Nuclear Power Plant)-এর অগ্রগতির বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আজই প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ বা ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত থাকবেন।
ফুয়েল লোডিং সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আগস্টের তৃতীয় সপ্তাহে ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর ধাপে ধাপে আগামী জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় ইউনিটের কাজও এগোচ্ছে, যা ২০২৭ সালের শেষ দিকে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।


