হা’\মের প্রাদুর্ভাব সামাল দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital)। হাসপাতালের খোলা জায়গায় দ্রুতই চালু হচ্ছে ২০ বেডের একটি অস্থায়ী ‘ফিল্ড হাসপাতাল’, যেখানে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান (Md. Asaduzzaman)। তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়েছে।
ঢামেক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়সহ সব ধরনের জনবল দেওয়া হবে। পাশাপাশি রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহের দায়িত্বও নেবে ঢাকা মেডিকেল।
পরিচালক আরও জানান, রবিবার রাতেই সেনাবাহিনী ফিল্ড হাসপাতালের নির্মাণকাজ সম্পন্ন করেছে। খোলা স্থানে চারপাশে তাবু টানিয়ে এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে ঝড়-বৃষ্টিতেও চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়। ভেতরে ইতোমধ্যে ২০টি বেড স্থাপন করা হয়েছে এবং রোগীদের স্বাচ্ছন্দ্যের জন্য ৯টি এসির ব্যবস্থাও রাখা হয়েছে।
বর্তমানে ঢাকা মেডিকেলের গণপূর্ত বিভাগ চারপাশে ড্রেন নির্মাণের কাজ করছে, যাতে বৃষ্টির পানি জমে না থাকে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগের কাজও দ্রুত এগিয়ে চলছে। সব প্রস্তুতি শেষ হলেই এখানে রোগী ভর্তি করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


