প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কুমিল্লা সফরে তারেক রহমান, পথে পথে জনতার ঢল

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন তারেক রহমান (Tarique Rahman)। তাঁর আগমন ঘিরে শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পথে পথে হাজারো মানুষের ভিড়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শনিবার (১৬ মে) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় পুরো মহাসড়কজুড়ে উৎসুক মানুষের ভিড় ও উচ্ছ্বাস চোখে পড়ে। সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার নিমসার এলাকায় অবস্থান করছিল।

চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই নির্ধারিত পয়েন্টগুলোতে জড়ো হন।

দাউদকান্দি এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন (Khandaker Maruf Hossain)। তাঁর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন।

এ ছাড়া ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। নিমসার বাজার এলাকায় হাজী জসিম উদ্দিন এমপির সমর্থকরাও সড়কের পাশে অবস্থান নেন।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর কুমিল্লা দক্ষিণ জেলা, কুমিল্লা মহানগর এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। একইভাবে বিজরা থেকে সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু (Udbatul Bari Abu) বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সড়ক-মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।’

কুমিল্লা (Cumilla)-র জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর কুমিল্লা সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *