মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas) আগের চেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন। বুধবার (২০ মে) বিকালে মালয়েশিয়া থেকে অডিও কলে তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
শরীরের বর্তমান অবস্থা জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘আছি মোটামুটি। এখনো ট্রিটমেন্টের মধ্যে আছি। থেরাপি নিচ্ছি। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবা, দেশের মানুষ যেন আমার জন্য দোয়া করেন, সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আ‘লামীনের কাছে শুকরিয়া আদায় করছি… তিনি মহান।’
দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো হলেই দেশে চলে আসব। জানাব আমি। এখনো ট্রিটমেন্টে আছি…।’
খাওয়া-দাওয়া ঠিকভাবে করতে পারছেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, ‘খাওয়া-দাওয়া ঠিক আছে আল্লাহর রহমতে।’ এ সময় তার সহধর্মিণী আফরোজা আব্বাস (Afroza Abbas) পাশেই ছিলেন।
আফরোজা আব্বাস বলেন, ‘উনি এখন অনেকটাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন তাকে নিয়মিত থ্যারাপি দেওয়া হচ্ছে। হাসপাতালে তিনি থাকছেন।’
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার (Prince Court Medical Centre)-এ ভর্তি হন মির্জা আব্বাস। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাও।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হলে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দ্রুত তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।
অস্ত্রোপচারের পর ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা এক মাস চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি অনেকটাই সুস্থ হয়ে ওঠেন।
পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সেখানকার চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।


