অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন ঠাকুরগাঁও-1 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP)-এর প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। তিনি বলেছেন, “অনেক আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকের দিনটি পেয়েছি। লক্ষ লক্ষ মানুষ গুম, খু’\ন হয়েছে। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা করছি।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন (Election Commission – EC) সূত্রে জানা গেছে, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে মোট ৫০টি রাজনৈতিক দল। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—যাদের মধ্যে দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রার্থী সংখ্যা ২৯১ জন। তবে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল এ নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।
এদিকে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে ইসি। ফলে ওই আসন বাদে দেশের বাকি ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।


