বেলা ১১টা পর্যন্ত ৩২ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৯৬ শতাংশ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টার মাথায় অংশগ্রহণের চিত্র তুলে ধরেছে নির্বাচন কমিশন। বেলা ১১টা পর্যন্ত দেশের ৩২ হাজার কেন্দ্রে মোট ১৪.৯৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলমান রয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এবারের নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার।

ভোটার তালিকার পরিসংখ্যান অনুযায়ী, নিবন্ধিত ভোটারের মধ্যে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন পুরুষ এবং ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন নারী ভোটার রয়েছেন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের হার আরও বাড়বে বলে আশা করছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *