যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণার মাত্র এক দিনের মাথায় এশিয়ার জলসীমায় ইরানের তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। মালয়েশিয়া ও শ্রীলঙ্কার আশপাশের গভীর সমুদ্র এলাকা থেকে এই জাহাজগুলো আটক করে যুক্তরাষ্ট্রের সেন্টকোম (US Central Command)।
নৌপরিবহন ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো বুধবার জানিয়েছে, ইরানের পতাকাবাহী ‘ডিপ সি’, ‘সেভিন’ এবং ‘দোরেনা’ নামের তিনটি ট্যাংকার জাহাজকে আটক করে সেগুলোকে ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স (Reuters)-এর প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপথে ইরানের বাণিজ্যিক কার্যক্রমে চাপ সৃষ্টি করতে ওয়াশিংটন অবরোধ জারি করেছে। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং কিছু ক্ষেত্রে গুলি চালানোর ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘ডিপ সি’ একটি সুপারট্যাংকার, যা জব্দের সময় আংশিকভাবে তেলবোঝাই ছিল। সর্বশেষ গত সপ্তাহে এটিকে মালয়েশিয়ার উপকূলের কাছে দেখা গিয়েছিল।
দ্বিতীয় জাহাজ ‘সেভিন’-এ জব্দের সময় প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। এটিকে সর্বশেষ এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে শনাক্ত করা হয়েছিল।
অন্যদিকে তৃতীয় জাহাজ ‘দোরেনা’ পুরোপুরি তেলবোঝাই অবস্থায় ছিল। জব্দের সময় এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। এটিকে সর্বশেষ তিন দিন আগে ভারত মহাসাগরে ভারতীয় উপকূলের কাছাকাছি দেখা যায়।
এক বিবৃতিতে সেন্টকোম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অবরোধ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইরানের বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া মোট ২৯টি জাহাজ ও নৌযানকে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনী। সাম্প্রতিক এই পদক্ষেপকে কেন্দ্র করে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


