পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মমতাকে সরিয়ে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (BJP)। প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন প্রায় নিশ্চিত হয়ে উঠলেও এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন—কে হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আগেই ঘোষণা দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি। তবে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিভিন্ন নাম নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে।

এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে। গত পাঁচ বছর বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তার সক্রিয় ভূমিকা এবং সাম্প্রতিক নির্বাচনে গুরুত্বপূর্ণ আসনে জয় তাকে প্রধান দাবিদারে পরিণত করেছে। বিশেষ করে ভবানিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর বিরুদ্ধে লড়াই করে জয় পাওয়ায় তার অবস্থান আরও শক্ত হয়েছে। এই আসনে তিনি ১৫ হাজার ১০৫ ভোটে জয়ী হয়েছেন।

তবে নিজের সম্ভাবনা নিয়ে সরাসরি কিছু বলতে চাননি শুভেন্দু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই স্পর্শকাতর বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বিজেপি সম্মিলিত নেতৃত্বে বিশ্বাস করে, এবং নরেন্দ্র মোদির নেতৃত্বেই আমরা নির্বাচন করেছি।”

শুভেন্দুর পাশাপাশি আরও কয়েকজন প্রভাবশালী নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে অন্যতম দিলীপ ঘোষ, যিনি দলের সাবেক রাজ্য সভাপতি এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠক হিসেবে পরিচিত। খড়গপুর সদর আসনে তার জয়ের সম্ভাবনা তাকে এই দৌড়ে এগিয়ে রেখেছে।

বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও সম্ভাব্য তালিকায় রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি একজন দক্ষ বক্তা এবং তাত্ত্বিক নেতা হিসেবে দলের ভেতরে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।

এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রিত্বের আলোচনায় রয়েছেন। নির্বাচনী কৌশল নির্ধারণ এবং পুরো ভোট প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়েছে।

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নামও আলোচনায় আছে। উত্তরবঙ্গে দলের ভিত্তি শক্তিশালী করতে তার অবদান উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সাবেক সাংবাদিক ও পদ্মভূষণপ্রাপ্ত স্বপন দাশগুপ্তকেও সম্ভাব্য মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ১৯৯টিতে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৮৮টি আসনে। এছাড়া বামপন্থি সিপিএম ও কংগ্রেস ২টি করে আসনে এবং অন্যান্যরা ২টি আসনে এগিয়ে রয়েছে।

এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন মোড় নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *