বাংলাদেশ জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) দাবি করেছে, দলের আমির ডা. শফিকুর রহমানসহ সিনিয়র কয়েকজন নেতার এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে গণমাধ্যমে অনুষ্ঠানটি প্রচারের জন্য সংবাদকর্মী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এর আগে শনিবার রাতে জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান এক্স পোস্টে জানান, তার এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। হ্যাক হওয়ার পর ওই অ্যাকাউন্ট থেকে কিছু ‘ভুয়া ও মনগড়া’ তথ্য ছড়ানো হয় বলে দাবি করেন তিনি।
নিজের বক্তব্যে তিনি বলেন, “আমি স্পষ্ট করে জানাতে চাই, আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এ নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটে শনিবার রাতে, যখন ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে। ওই পোস্টে নারীদের হেয় করে কিছু বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেখানে কর্মজীবী নারীদেরকে বেশ্যার সাথে তুলনা করে বক্তব্য প্রকাশ করা হয়। ব্যাপক সমালোচনার মুখে জামায়াত দাবি করে, এটি হ্যাকড অ্যাকাউন্ট থেকে করা পোস্ট।
এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ছাত্রদল (Chhatra Dal)। তারা বলছে, ‘ভুয়া পোস্ট’ এর আড়ালে নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় না।
সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে জামায়াত নেতাদের।


