ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তারেক রহমান (Tarique Rahman)। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা অববাহিকার মানুষের জন্য পানির সুষম বণ্টন নিশ্চিত করা হবে এবং মরুকরণের ঝুঁকি থেকে রক্ষা করা হবে।

তিনি বলেন, “১৭ বছর ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের নিরাপত্তা ও স্বাধীন চলাচল নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

জনসভায় দিনাজপুর নিয়ে তারেক রহমানের আবেগঘন বক্তব্যও উঠে আসে। তিনি বলেন, “এই এলাকায় আমার নানির বাড়ি। এখানকার মানুষদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি নানিবাড়ির মানুষের কাছে ভোট চাই। আশা করি, তারা আমাকে আপনজন মনে করে বিজয়ী করবেন।”

দিনাজপুরের কৃষিসম্পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই জেলার মাটি উর্বর, মানুষ পরিশ্রমী। কাটারীভোগ চাল এবং লিচুর গুণমান অতুলনীয়। সঠিক পরিকল্পনায় এসব পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনা সম্ভব।” তিনি জানান, আন্তর্জাতিক মানে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির জন্য দিনাজপুরে আধুনিক কেন্দ্র, সংরক্ষণাগার ও রপ্তানিমুখী শিল্প কারখানা স্থাপন করা হবে।

বিএনপি চেয়ারম্যানের ভাষ্য, “আমাদের রাজনীতি শুধু কাঁচা কৃষিপণ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এতে যেমন কৃষকের আয় বাড়বে, তেমনি বেকারদের কর্মসংস্থানও সৃষ্টি হবে। কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি।”

তিনি বিগত সরকারের কৃষি নীতির সমালোচনায় বলেন, “ফ্যা’\সিস্ট সরকারের আমলে কৃষি ও কৃষক বারবার অবহেলিত হয়েছে। উৎপাদন খরচ বেড়েছে, অথচ পণ্যের ন্যায্য দাম পায়নি কৃষক। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এই সত্য ভুলে যাওয়া হয়েছে।”

বিএনপি ক্ষমতায় এলে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকের অধিকার সুরক্ষা করা হবে বলে আশ্বাস দেন তারেক রহমান। তিনি জানান, কৃষিপণ্যের অপচয় রোধ, রপ্তানি সহজীকরণ এবং কৃষি ও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

সবশেষে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, কৃষিবান্ধব ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এসময় তিনি দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। জনসভাটি হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *