সিলেটের সুবহানীঘাটের মৌবন আবাসিক এলাকায় এক জামায়াত নেতার বাসা থেকে সংঘর্ষে ব্যবহারের জন্য প্রস্তুত বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, এই সরঞ্জামগুলো জামায়াত নেতারা নিজেরাই এনে রেখেছিলেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির জানান, পুলিশ খবর পাওয়ার পর পরিত্যক্ত অবস্থায় সরঞ্জামগুলো উদ্ধার করে। তিনি আরও বলেন, “শুধু ওই এলাকা নয়, যেখানে এসব সরঞ্জাম পাওয়া যাচ্ছে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে অথবা নিয়ে আসা হচ্ছে।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “এ ধরনের ঘটনায় জনমনে অস্বস্তি বিরাজ করছে। প্রতিপক্ষ প্রার্থী যেকোনো উপায়ে নির্বাচন বানচাল করতে তার কর্মী বাহিনী দিয়ে এমন কিছু করতে পারেন।”
তিনি ঘটনাটির তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ঘটনাটি এমন সময় সামনে এলো যখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নজিরবিহীন টানটান উত্তেজনা বিরাজ করছে। ভোটের মাত্র একদিন আগে সিলেটের মতো গুরুত্বপূর্ণ আসনে সংঘর্ষের প্রস্তুতি হিসেবে এমন সরঞ্জামাদির উপস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও।


