ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার পর কেন্দ্রটির ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর পৌনে ১টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল বলে জানা যায়।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল লোক বোমা ফুটিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে দায়িত্বরত অনেককে হেনস্তা করে। তবে তারা বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করতে পারেনি বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, একদল লোক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল বলে তারা জানতে পেরেছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে আটকের কথা শোনা গেছে। ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


