রাজধানীর ভাসানটেকে নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-এর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে সাড়া ফেলে।
জানা গেছে, ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হিফজ মাদ্রাসায় পুরো মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা ইফতারে যোগ দেন।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন এতিম শিশু ও বয়স্ক নারীরা অংশগ্রহণ করেন। এসময় জাইমা রহমান ও তার মা ডা. জুবাইদা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং নানা প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন। পরে ইফতার মাহফিলে উপস্থিত নারীদের সঙ্গেও তারা সময় কাটান।

ইফতারের আগে সবাই একসঙ্গে দোয়ায় অংশ নেন। পরে একসঙ্গে ইফতার করেন তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানজুড়ে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


