মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ভাইরাল ভিডিও’র জন্য হাসনাতের ক্ষমা প্রার্থনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah), ন্যাশনাল সিটিজেন পার্টি (National Citizens Party-এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party-বিএনপি)-এর একজন সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা গেছে, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি তাদের একটি ক্লোজড গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

তিনি বলেন, “তবে গতকাল ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য আমি নিঃশর্তভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি।”

ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা।”

নিজের বক্তব্যের শেষে তিনি আবারও এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *