পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার বড় অংশই বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি জানান, আগে যারা দিনে একবার তেল নিতেন, এখন তারাই পাম্পে গিয়ে পাঁচবার পর্যন্ত তেল নিচ্ছেন। এর পেছনে মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন—মানুষের মধ্যে তেলের সংকট নিয়ে ভীতি কাজ করছে, যদিও বাস্তবে এমন কোনো সংকট নেই।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলার সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি ব্যাখ্যা করেন, দেশের কৃষিখাতে ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় সরকার এই খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে বিষয়েও সরকারের নজর রয়েছে।
তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। এই ধরনের কর্মকাণ্ড বাজার পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, বর্তমানে বিশ্বজুড়ে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। এই অস্থিরতার ঢেউ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের আশপাশের দেশগুলোতেও জ্বালানি তেলের দাম বেড়েছে।
তিনি আরও দাবি করেন, পৃথিবীতে একমাত্র বিএনপি সরকারই জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কৃষক ও সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে সরকার সবসময় সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শেষে তিনি সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যাতে জ্বালানি নিয়ে কোনো ধরনের সংকটে পড়তে না হয়, সে জন্য এখন থেকেই সচেতনভাবে ব্যবহার করতে হবে।


