ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে চার ঘণ্টায় দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণের চিত্র তুলে ধরেছে নির্বাচন কমিশন। ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত ভোটগ্রহণ দিনের প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “সারা দেশে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য আমাদের হাতে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সেখানে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।”
ইসি সচিব আরও জানান, সারা দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপরই শুরু হবে ভোট গণনার আনুষ্ঠানিক প্রক্রিয়া।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগের খবর মেলেনি। বিভিন্ন জেলা ও কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশন থেকে নির্দিষ্ট বিরতিতে সর্বশেষ ভোটের হার ও পরিস্থিতি গণমাধ্যমকে জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।


